ইথিওপিয়ায় দুই সপ্তাহে ৮ সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় চলতি মাসের প্রথম দুই সপ্তাহে কমপক্ষে আট সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সিপিজে ও ইথিওপিয়ান মানবাধিকার কমিশন (ইএইচআরসি)।

শনিবার (১৫ এপ্রিল) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত আট জন সাংবাদিককে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে বিবৃতিতে। সিপিজে বলেছে, গ্রেপ্তারদের বেশিরভাগকেই রাজধানী আদ্দিস আবাবা থেকে ধরা হয়েছে।

এর মধ্যে ছয়জন সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে কারাগারে রয়েছেন। তারা দেশের দ্বিতীয় বৃহত্তম আমহারা জাতিগত গোষ্ঠীকে প্রভাবিত করে এমন প্রতিবেদন এবং মন্তব্য প্রকাশ করেছিলেন।

সিপিজে’র সাব-সাহারান আফ্রিকা প্রতিনিধি মুথোকি মুমো বলেন, সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনায় দেশে সংবাদপত্রের স্বাধীনতার একটি গভীর হতাশাজনক চিত্র উঠে এসেছে। আমরা গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তি চাই এবং কর্তৃপক্ষকে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তদন্ত করার আহ্বান জানাই।

ইএইচআরসি বলছে, সরকারি নিরাপত্তা বাহিনীর উচিত রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শন করা থেকে বিরত থাকা। গ্রেপ্তারগুলো সতর্কতার সাথে এবং আইন অনুযায়ী করা উচিত। সন্দেহভাজন এবং পর্যাপ্ত প্রমাণ না থাকলে মামলা হওয়া উচিত নয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস অব প্রেসের তালিকায় বর্তমানে ১৮০ টি দেশের মধ্যে ১১৪ তম স্থানে রয়েছে ইথিওপিয়া, যা ২০২১ সালের তুলনায় ১৩ ধাপ কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত