লন্ডন থেকে ফিরে আরিফ বললেন, সময়মতো সব জানাব

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৫:০১ পিএম

১৪ দিনের লন্ডন সফর শেষে সিলেট এসে পৌঁছেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানান।

এসময় সিটি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক বলেন, অপেক্ষা করেন, সময়মতো সব জানাব। তার এমন জবাবে ধোঁয়াশায় রয়ে গেলেও তিনি নির্বাচন করবেন কি করবেন না।

এদিকে, মেয়র আরিফুল হক চৌধুরী আজ সকাল ১০টায় লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করার কথা ছিল আরিফের। কিন্তু এ সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক নির্বাচনে অংশ নেবেন না এমনটি বললেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে অংশ নিতে পারেন বলে খোদ দলটির ভেতরেই আলোচনা ছিল। এর মধ্যেই গত ২ এপ্রিল সকালে বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে যুক্তরাজ্যে যান আরিফুল হক। মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন সাংবাদিকদের জানিয়েছেন, এটি তার একান্ত ব্যক্তিগত সফর।

তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতেই তিনি সেখানে যান। সিলেটে ক্ষমতাসীনদের শক্তিশালী প্রার্থী নেই। আবার বিএনপির অবস্থান সেখানে ভালো। তাই সরকারি দলকে ওয়াকওভার না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় ছিনিয়ে আনতে পারলে দলের পক্ষে কাজ করা যাবে এমনটি বুঝিয়ে তারেক রহমানের সবুজ সংকেত আনতেই লন্ডন যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত