রাজধানীর বায়তুল মোকাররমে সোনার মার্কেট ও উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। হতাহত ও ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর ২টা ৫৩ মিনিটে বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এদিকে গতকাল সকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ফায়ারের ৫টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
