বিজ্ঞানাগারের সেই যন্ত্রপাতি পুড়ল রহস্যজনক আগুনে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২:৪৬ এএম

আট বছর আগে পাওয়া বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ছিল প্রধান শিক্ষকের বাড়িতে। গত ১৯ মার্চ দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেগুলো এনে রাখা হয় বিদ্যালয়ের অফিস কক্ষের পাশের একটি পরিত্যক্ত ঘরে। আর ওই পরিত্যক্ত ঘরেই এবার রহস্যজনক আগুনে পুড়ল সেসব যন্ত্রপাতি। গত সোমবার রাতের ওই আগুনে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতিগুলো পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবকগণ ও এলাকাবাসী বলছেন, বিজ্ঞানাগারের যন্ত্রপাতি দীর্ঘদিন প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে থেকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খোয়া গেছে মূল্যবান অনেক যন্ত্রপাতি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে শুধু বিজ্ঞানের যন্ত্রপাতি নষ্ট হয়েছে, ঘরের কোনো ক্ষতি না হওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমকিন আলম মুকুল বলেন, ‘বিষয়টি সত্যি রহস্যজনক। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করব।’

পঞ্চগড় সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, ‘লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত