চাঁপাইনবাবগঞ্জে কুপিয়ে হত্যা করা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমের মরদেহ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও স্বজনরা। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌর শহরের শান্তির মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওদুদের আশ্বাসে সড়ক ছেড়ে দেন। এদিকে জেম হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
এদিকে জেম হত্যাকারীদের বিচার দাবি করে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওদুদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে জেমকে হত্যা করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মেয়র মোখলেসুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে গত উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্দেশে সন্ত্রাসী টুটুল কিশোর গ্যাংদের নিয়ে জেমকে হত্যা করে। মাত্র কদিন আগে জেম ফেসবুক লাইভে ডিআইজি নুরুলকে নিয়ে কথা বলে। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।’
