শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৫:২২ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে ৫ম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে রজব আলী সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মাছপাড়ার ইউনিয়নের বরুরিয়া গ্রামের মৃত ছাকেন সরদারের ছেলে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার (২১ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি তার চাচার বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে টিভি দেখে নিজের বাড়িতে ফিরছিল। পথে প্রতিবেশী মো. রজব আলী সরদার শিশুটিকে জোরপূর্বক তার বাড়ির টিনের তৈরি টয়লেটের মধ্যে নিয়ে যায়। সেখানে শিশুটিকে রজব আলী সরদার জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, শিশুটির মায়ের করা মামলায় রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা প্রমাণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত