টেকনাফে ৫ রোহিঙ্গা শিশু অপহৃত, মুক্তিপণ দাবি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৬:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে অপহৃত ৫ রোহিঙ্গা শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী সাত থেকে আটজন সশস্ত্র সন্ত্রাসী ৫ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে। অপহৃত ৫ শিশুর মধ্যে তার বাড়ির কাছের একই ব্লকের ৩ জন রয়েছে। অপহৃতরা হলো, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নুর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নুর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ওই শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘুরাঘুরি করতে গিয়ে ছিল। এসময় ন্যাচার পার্ক এলাকা থেকে তারা অপহৃত হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো আব্দুল হালিম বলেন, অপহরণ বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত