তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ঘোষণা আজ

আপডেট : ০৬ মে ২০২৩, ০৬:২৫ এএম

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির নাম ঘোষণা করা হবে আজ শনিবার। আজ দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো তৃণমূল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা পরলোক গমন করেন। এতে করে তার পদটি শূন্য হয়ে আছে। গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে।

গত ২২ মার্চ এক জরুরি সভা ও গতকাল সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে। দুপুর ১২টায়, শাইন পুকুর, স্যুট, বাসা নং-৮/সি, রোড নং-১৪৩, গুলশান-১ (শ্যুটিং ক্লাব ও এসিসিএল ক্লাবের সন্নিকটে), ঢাকায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপির নিবন্ধন দেওয়ার বিষয়টি জানায়। দলের জন্য ‘সোনালি আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয় এবং যার নিবন্ধন নং-৪৫।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন দলটিতে যুক্ত হন। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে হুদাকে সদস্য করেছিলেন জিয়াউর রহমান। পরে খালেদা জিয়াও তাকে দলের স্থায়ী কমিটিতে রেখেছিলেন। ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন হুদা। তবে মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় দলে ফিরেছিলেন এই নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত