মণিপুরে নিহত বেড়ে ৫৪, আহত দেড় শতাধিক

আপডেট : ০৬ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। চলমান সহিংসতায় আহতের সংখ্যা প্রায় দেড় শতাধিক। তবে কর্মকর্তারা হতাহতের এই সংখ্যা জানালেও অসমর্থিত সূত্রে তা আরও বেশি বলে দাবি করা হয়েছে।

শনিবার (০৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মণিপুরের রাজধানী ইমফলে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। পুনরায় চালু হয়েছে দোকান ও বাজার। চলছে গাড়িও।

সংশ্লিষ্টরা জানান, শনিবার মণিপুরের প্রধান সড়ক ও এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখা গেছে। আগের দিন যেসব স্থানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়েছিল, সেসব স্থান ঘেরাও করে রাখা হয়েছে।

এদিন শিক্ষার্থীসহ প্রচুর মানুষকে ইমফল বিমানবন্দরে জড়ো হতে দেখা যায়। তারা সহিংসতা কবলিত রাজ্যটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে বুধবার রাতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ব্যক্তিদের অনেকে জানিয়েছে, বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। মেইতেই সম্প্রদায়কে তফসিলিভুক্ত আদিবাসী মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর রাজ্যটিতে প্রায় ১০ হাজার সেনা, আধা-সামরিক ও কেন্দ্রীয় পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মণিপুরে সহিংসতার ঘটনায় মোট ১৩ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত