বাবার (প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা) মতন দেশ, দেশের জনগণের পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। গতকাল শনিবার দুপুরে গুলশানে ‘শাইনপুকুর’ স্যুটসের সিগনেচার হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেও জানান অন্তরা হুদা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বছর দলের কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাব।’
এ সময় প্রয়াত নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা বলেন, ‘ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা-চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করেন এমন ব্যক্তিত্বকে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে গত শুক্রবার তৃণমূল বিএনপির সাধারণ সভায় দলের মরহুম চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি, তার নেতৃত্বে ব্যারিস্টার নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বর্তমান কমিটি অ্যাডহক ভিত্তিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কাউন্সিল সভা পর্যন্ত কাজ চালিয়ে যাবে।’ এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব শেখ হাবিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান উপস্থিত ছিলেন।
পরে অন্তরা হুদা বক্তব্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বক্তব্য শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে। এক প্রশ্নের জবাবে অন্তরা হুদা বলেন, ‘যদি পরিবেশ হয়, নির্বাচনে অবশ্যই আমরা যাব।’ সেই নির্বাচন কি জোটবদ্ধ হয়ে, না এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা পরিস্থিতি বলে দেবে। আমরা সবেমাত্র শুরু করলাম যাত্রা।’
তবে পাশ থেকে সিগমা হুদা বলেন, ‘আমরা কারও পক্ষে নই, বিপক্ষেও নই। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান এবং পার্টি ফান্ড ও নির্বাচনী ফান্ড সংগ্রহ করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে।’
