কুমারখালীতে মানববন্ধন

গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ার প্রতিবাদ

আপডেট : ১০ মে ২০২৩, ১১:০২ পিএম

কুষ্টিয়ার কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩ জন এসএসসি পরীক্ষার্থীর গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ায় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সকালে এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শাখার নিলয়, রুদ্র, দ্বীপ, সানি, অরিন ও সাফাতসহ একাধিক শিক্ষার্থী জানান, গত ৯ মে গণিত পরীক্ষার শুরুতেই কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (কেন্দ্র সচিব) সন্তোষ কুমার মোদক তাদের ১৪৩ জন শিক্ষার্র্থী সবার কাছ থেকে ক্যালকুলেটর কেড়ে নেওয়ার নির্দেশ দেন। তারা অনেকভাবে অনুরোধ করলেও পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যালকুলেটর ফেরত দেওয়া হয়নি। এতে সবার গণিত পরীক্ষা খারাপ হয়েছে।

এনএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মো. বাশার জানান, কুমারখালী এনএন মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতি বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য রেজাল্ট করে শিক্ষার্থীরা। গণিত পরীক্ষায় বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ছিল তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর কেড়ে নিয়েছে।

কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক জানান, ভুলবশত এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার জানান, এটা বড় ধরনের অন্যায় হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার ম-ল জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত