ফুলবাড়ী আওয়ামী লীগের দাবি

ঘটনা ধামাচাপা দিতে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে ছাত্রলীগ

আপডেট : ১৩ মে ২০২৩, ০১:৫২ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর, তদন্ত কমিটি গঠন এবং সর্বশেষ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের নামে ছাত্রলীগের মিথ্যা মামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। এ সময় তিনি ৬ মে রাতে দুই গ্রুপের সংঘর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের জন্য ছাত্রলীগকে দায়ী করেন।

তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর কোনো সম্মেলন ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। এ কমিটির অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের ঘটনার জেরে ৬ মে রাতে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তাহাত হাসান তুষারের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের নিজের অপকর্ম ধামাচাপা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। কিন্তু আমাদের অবজ্ঞা করে বর্তমান ছাত্রলীগ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে আসামি করে মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত