চীনা প্রকৌশলীর মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আপডেট : ১৪ মে ২০২৩, ০৬:১৩ পিএম

নরসিংদীতে চীনা মালিকানাধীন 'ফুজিয়ান টেক্সটাইল' নামে একটি একটি কারখানায় কাটা পড়ে চীনা প্রকৌশলী লি রংহুয়ার (৫৭) মৃত্যুর পর তার স্ত্রী-সন্তান ক্ষতিপূরণের দাবিতে প্রতিষ্ঠানটির ফটকে অবস্থান নিয়েছেন।

৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার (১১ মে) থেকে কারখানার সামনে অবস্থান নিয়েছেন চীন থেকে আসা নিহত প্রকৌশলীর স্ত্রী, ছেলে ও তাদের এক স্বজন।

গত ৩ মে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এলাকায় অবস্থিত ‘ফুজিয়ান টেক্সটাইলে’এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই কারখানায় উচ্ছিষ্ট কাপড় থেকে সুতা তৈরি করা হয়। এখানে কাজ করতেন চীনের জিয়াংসু প্রদেশের ফেংচেং শহরের বাসিন্দা প্রকৌশলী লি রংহুয়া। গত ৩ মে কাজ করার সময় কারখানার চলন্ত মেশিনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধারণ হয়।

দুর্ঘটনার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়েছে তার মরদেহ।

নিহতের ছেলে লি রংইয়ান বলেন, বাবার মৃত্যুতে আমরা মর্মাহত। তার মৃত্যু আমাদের পরিবারকে খুব ভোগাবে। তাই আমরা ক্ষতিপূরণ চাচ্ছি কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিচ্ছে না। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।

ফুজিয়ান টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা নওশাদ আলম বলেন, চীনা আইন অনুযায়ী এমন দুর্ঘটনায় ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান থাকলেও তারা ১ কোটি ৪০ লাখ টাকা দিতে সম্মতি হন। কিন্ত প্রকৌশলীর পরিবারের সদস্যরা তা মানছেন না। তারা মরদেহ গ্রহণ করতে রাজি না হলেও শুধুমাত্র ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছেন। কিন্তু আমাদের কারখানার যেই অবস্থা আমাদের পক্ষে এত টাকা ক্ষতিপূরণ দেয়া সম্ভব না।

নরসিংদী শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হুদা বলেন, বিষয়টি সমাধান করার জন্য মালিক পক্ষকে সাথে নিয়ে ওদের সাথে দোভাষীর মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোন কথা বলতেই চায় না। তারা তাদের ক্ষতিপূরণের দাবিতে অনড়। মালিক পক্ষ চীনা এম্বেসীর সাথে কথা বলে পদক্ষেপ নেয়ার চেষ্ঠা করছে। আর তাদের যাতে কোন নিরাপত্তার সমস্যা না হয় সেজন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত