সায়দাবাদ পানি পরিশোধন প্রকল্পের উৎস মেঘনা নদীর দূষণ প্রতিরোধের জন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রবিবার ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘মাস্টার প্ল্যান অন মেঘনা রিভার’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আলো, বাতাস ও পানি আল্লাহ প্রদত্ত সম্পদ। যা সারা পৃথিবীর সব মানুষের জন্য অপরিহার্য। বিশেষ করে নদীমাতৃক জনবহুল বাংলাদেশের জন্য পানির বিশুদ্ধতা জরুরি বিষয়। সে লক্ষ্যে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের উৎস মেঘনা নদীর পানি দূষণ রোধে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের আশপাশের ছয়টি নদীর পানি দূষণরোধে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে নদীগুলোকে দূষণ ও দখল থেকে রক্ষা করা যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার দায় বাংলাদেশের অতি নগণ্য হলেও বাংলাদেশ সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর একটি। আজকেও (রবিবার) মোখা নামক একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম করছে।
উন্নত বিশ্বের শিল্পায়নের দায় আমাদের নিতে হচ্ছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, পানি ও বাতাসের মতো সম্পদের দূষণরোধে সমন্বিত প্রয়াস নিতে হবে। সেজন্য তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়ন অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
