সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এয়ারলাইনসগুলোর জন্য ফিফথ ফ্রিডম প্রস্তাব এলেও তা নাকচ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)। গতকাল মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ ও ইউএইর মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল বিষয়ে দুদিনব্যাপী আলোচনা শেষে এ বিষয়ে জানানো হয়। উভয়পক্ষের আলোচনায় ইউএইর এয়ারলাইনসগুলো বাংলাদেশে তাদের বিমান চলাচল বৃদ্ধি ও বিভিন্ন রুটে ফিফথ ফ্রিডম পাওয়ার জন্য প্রস্তাব করে। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কর্মযজ্ঞ বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে না। বর্তমানে যে হারে ফ্লাইট চলমান আছে তা সেই পর্যায়ের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে বর্ধিত কলেবরে উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তাবনা পর্যালোচনা করা হবে। তখন ফিফথ ফ্রিডম অধিকারটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানায় বেবিচক।
ইউএইর ডেলিগেশন প্রধান সাইফ মোহাম্মেদ আল সুওয়াইদি বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে বিমানবন্দর ব্যবস্থাপনায় কারিগরি ও পরামর্শক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এ সময় ইউএইর পক্ষে জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি এবং দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ, ফুজাইরাহ সিভিল অ্যাভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএইর বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিসহ ২২ জন উপস্থিত ছিলেন।
