আমতলীতে অধ্যক্ষের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:২১ পিএম

বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় অধ্যক্ষের বিচার  চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। আমতলীর বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইউনুচ আলীর বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশগ্রহনকারী ৫৫ শিক্ষার্থী।

জানা গেছে, গত বুধবার কৃষি শিক্ষা (৪র্থ) বিষয়ে পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থীরা। কিন্তু হল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেন। এতে তারা বিচলিত হয়ে যান।

পরীক্ষার্থী সজিব মৃধা বলে, আমরা যে বিষয়ের প্রস্তুতি নিইনি সে বিষয়ে পরীক্ষা দেব কীভাবে? বিষয়টি  মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা মাদ্রাসার অধ্যক্ষের ভুল হয়েছে বলে জানায়। অধ্যক্ষের ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত  হয়েছি। খাতায় শুধু নাম লিখে আমরা চলে এসেছি। দশ বছরের সাধনা একদিনে শেষ হয়ে গেছে। আমরা ভবিষ্যতে ভালো  কোনো কলেজে ভর্তি হতে পারব না। এর দায়ভার কে নেবে? এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুচ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা ইউছুফ আলী বলেন, এটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা পরীক্ষার্থীদের জন্য দোয়া করেছি তারা ভালো রেজাল্ট করবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, পরীক্ষার্থীদের লিখিত অভিযোগটি শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বরগুনা জেলা প্রশাসক বরাবর  পাঠিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত