সাজা নির্ধারণে পৃথক শুনানির নির্দেশনা স্থগিত

আপডেট : ২৩ মে ২০২৩, ০২:৩৮ এএম

ফৌজদারি মামলায় উভয়পক্ষের যুক্তিতর্কের পর রায় ঘোষণার আগে উপযুক্ত বা আনুপাতিক সাজা নির্ধারণের ক্ষেত্রে বিচারিক আদালতকে পৃথক শুনানি করতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।  রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের এই রায়টি ১৫ জুলাই পর্যন্ত স্থগিতের আদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করতে নির্দেশ দেয় আদালত। আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘হাইকোর্টের ওই রায়ের এই নির্দেশনাটি (সাজা নির্ধারণে সংক্ষিপ্ত শুনানি) আমরা স্থগিত চেয়েছিলাম। আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আমরা দ্রুত লিভ টু আপিল করব।’ 

যশোরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাভলুর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে গত ২৭ ও ২৮ আগস্ট রায় দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। রায়ে লাভলুর মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন সাজা দেয় আদালত। গত সপ্তাহে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরাসরি কাউকে সাজা না দিয়ে বিচারক তার অভিমত ব্যক্ত করবেন। কী ধরনের সাজা হবে বা হতে পারে পৃথক শুনানির পর তা নির্ধারণ করবেন বিচারক। রায়ে প্রাণদন্ডের মতো কঠোর সাজা, কনডেম সেলে থাকা আসামির বিচ্ছিন্ন জীবনের প্রসঙ্গসহ সর্বোচ্চ সাজার ক্ষেত্রে বিচারকদের আরও সতর্ক হওয়ার বিষয়টিও উঠে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত