আসছে বর্ষা মৌসুমে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। কিন্তু এ বছর বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে বেশি। তাই ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন আছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত কয়েক বছরের তথ্যের সঙ্গে তুলনা করে তারা দেখেছেন এ বছর এ সময় পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের কয়েকগুণ বেশি।
