প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে গেলেন চিত্রনায়ক নায়ক ফেরদৌস। বুধবার (২৫ মে) দুপুর বারোটার দিকে কুমিল্লার কাপাশকান্দি এলাকায় পৌঁছান এ নায়ক। এসময় তাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।
নায়কের আগমনে গ্রামবাসী ও তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির শিক্ষার্থীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানায়।
জানা গেছে,ফেরদৌস তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ তিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেই তার সেখানে যাওয়া।
ফেরদৌস আহমেদ বলেন, আমার চাচাদের ইচ্ছা থাকার কারণে বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব নিয়েছি আমি। এলাকার উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আপডেট করা প্রয়োজন। এ জন্য সরকার আমাকে বিশাল একটি দায়িত্ব দিয়েছে। আমি মাঝে মাঝে এখানে আসব এবং সেটা স্কুলের স্বার্থে।
এ সময় তাকে প্রশ্ন করা হয় কুমিল্লা-২ আসনে সংসদ নির্বাচনে তার নাম শোনা যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে নায়ক বলেন, এখন এলাকায় এসেছি সামাজিক কাজে। যখন রাজনৈতিক কাজে আসব, সেই সময় নির্বাচন নিয়ে কথা বলব।