জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৩

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:৪৭ পিএম

জাপানের মধ্যাঞ্চলের নাগানো প্রিফেকচারে বন্দুক হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জাপানের এনএইচকে জাতীয় টেলিভিশনের বরাতে দ্য জাপান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছে। হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নাকানো সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার দিন বিকেলে তাদের কাছে খবর আসে নাগানোর একটি প্রত্যন্ত অঞ্চলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী গুরুতর আহত হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্ত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে দুই পুলিশ সদস্য নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। স্থানীয় পুলিশ ওই এলাকার লোকজনকে আপাতত বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীকে আটকে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত