নজরুলের রণ সংগীত মুক্তিযুদ্ধের প্রেরণা : খালিদ

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩৪ এএম

কবি নজরুল যদি জাতীয় কবি না হতেন তাহলে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন অপূর্ণ থেকে যেত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, কবি নজরুলের রণসংগীত আমাদের স্বাধীনতা যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তার রণসংগীত মুক্তিযুদ্ধের প্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন দেশের রাষ্ট্রের ক্ষমতায় আসার পর ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে কবি নজরুলকে এদেশে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল বিকেলে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা নৃত্য, সংগীত ও নাটক পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত