কভেন্ট্রির ১৪ বছরের রেকর্ড এখন আরভিনের

আপডেট : ২৭ মে ২০২৩, ০৭:৪৪ পিএম

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠ। সময়টা ২০০৯ সাল। সে বছর আগস্টে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। ১৪ বছর আগে সেদিন টাইগারদের বিপক্ষে ১৬ চার ও ৭ ছয়ে ১৫৬ বলে ১৯৪ রান করেছিলেন চার্লস কভেন্ট্রি। দেশের লিস্ট এ ক্রিকেটে এতদিন ধরে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কভেন্ট্রি। তবে আজ তা হারালেন তিনি। রোডেশিয়ানদের হয়ে সেই রেকর্ড এখন ক্রেইগ আরভিনের দখলে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার পাকিস্তান শাহিন্সের (এ দল) বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডেতে জিম্বাবুয়ে সিলেক্ট দলের হয়ে ১৯৫ রান করেছেন আরভিন। ১৪৯ বলে ২২ চার ও ৬ ছক্কার ইনিংসে গড়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জাগান আরভিন। ইনিংসের ১০ বল বাকি থাকতে তিনি ছিলেন ২৪ রান দূরে। শাহনাওয়াজ দাহানির চার বলে ২ ছক্কা ও ১ চারে ১৮ রান নিয়ে ১৯৪ রানে পৌঁছে যান দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান।

শেষ ওভারে তার প্রয়োজন ছিল ৬ রান। তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে বাউন্ডারির চেষ্টা করলেও লং অন থেকে ১ রানের বেশি পাননি আরভিন। ওই সিঙ্গেলের সৌজন্যেই কভেন্ট্রিকে টপকে যান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। পরে পঞ্চম বলে দ্রুত রান নেওয়ার চেষ্টায় কাটা পড়েন তিনি।

আরভিনের রেকর্ডগড়া ইনিংসের সৌজন্যে ছয় ম্যাচ সিরিজের শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে জিম্বাবুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত