মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই সহযোগী নারীসহ চক্রের মূলহোতা শাহিনুর শেখকে (৪২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুই নারী সহযোগী হলেন, জুলেখা (৩৫) ও নদী (৩৫)।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, রবিবার বিকেলে মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামের শামছু বিশ্বাস নামে এক ব্যক্তি তার এলাকার মিলন মিয়াকে নিয়ে শহরের নতুন বাজার হাটে সরিষা বিক্রি করতে আসেন। ওই হাট থেকে শামছু বিশ্বাসকে শাহিনুর শেখ কৌশলে অপহরণ করে নিজনান্দুয়ালীর জুলেখার বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে শামছুর মোবাইল ফোন থেকে তার মিলন মিয়ার কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রবিবার সন্ধ্যায় এ বিষয়ে মিলন মিয়াসহ শামছু বিশ্বাসের পরিবারের সদস্যরা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
