বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে গতকাল সোমবার ভারতের সেনাবাহিনীপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে বাংলাদেশে এসেছেন।
সফরের প্রথম দিন তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলবিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
আজ মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথি থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। আগামীকাল বুধবার ভারতে ফিরে যাবেন তিনি। আইএসপিআর
