মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি

ভারতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নতুন সভাপতি

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:২৩ এএম

ভারতের প্রাচীনতম ইসলামি সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৩ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসান নদভি ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বোর্ডের সভাপতির পদটি শূন্য হয়। এ ছাড়া বৈঠকে মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদিকে সাধারণ সম্পাদক, সাইয়েদ শাহ খসরু হুসাইনি গুলবারগা ও সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনিকে সহ-সভাপতি পদে এবং মাওলানা সাইয়েদ বিলাল হাসানি নদভি, মাওলানা আহমাদ ওয়ালি ফয়সাল রাহমানি ও মাওলানা ইয়াসিন আলী উসমানি সদস্য মনোনীত হন।

বৈঠকের দ্বিতীয় নতুন সভাপতির সভাপতিত্বে ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড’-সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ৫ নভেম্বর ১৯৫৬ বিহারের দারভাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি জামিয়া রাহমানি মুঙ্গের এবং দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন। তিনি একজন লেখক ও ধর্মতাত্ত্বিক। ইসলামি আইন গবেষণার ওপর তার একাধিক গ্রন্থ রয়েছে। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি ভারতের ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব, দারুল উলুম নদওয়া উলামার ত্রৈমাসিক একটি ম্যাগাজিনের সম্পাদক ও কাউন্সিল সদস্য। তিনি অনেক মাদ্রাসা ও সংগঠনের পৃষ্ঠপোষক।

উল্লেখ্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ১৯৭৩ সালে গঠিত একটি বেসরকারি সংস্থা, যা ভারতীয় মুসলমানদের শরীয়া আইন সংরক্ষণ এবং প্রয়োগের জন্য কাজ করে। বিশেষভাবে মুসলিম ব্যক্তিগত আইনের জন্য লড়াই করে। এটি ভারতীয় মুসলমানদের একটি শীর্ষস্থানীয় একটি সংস্থা। বিভিন্ন সময় উদ্ভুত সমস্যায় সরকার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সংলাপ, ধর্মীয় বিষয়ে মতামত প্রদান করে। এই বোর্ডে বেশির ভাগ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে এবং এর সদস্যদের মধ্যে ভারতীয় মুসলিম সমাজের ধর্মীয় নেতারা, প-িত, আইনজীবী, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশাদার ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত