গরমের কারণে মাধ্যমিক বিদ্যালয় আজ বন্ধ ঘোষণা

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩২ এএম

তীব্র গরমে প্রাথমিকের পর বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোও। আজ বৃহস্পতিবার একদিনের জন্য বন্ধ থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এক নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল থেকেই তীব্র গরমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। এমনকি গরমে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ হওয়ার ঘটনার ছবি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসার পর আজ মাধ্যমিক বিদ্যালয়গুলোও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ৮ জুন, বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রচ- গরমে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীদেরও ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত