বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে জেলায় জেলায় বিদ্যুৎ কর্র্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশের পর এবার রাজধানীসহ সব মহানগর ‘পদযাত্রা’ কর্মসূচি করবে বিএনপি। গতকাল শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনিপর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা। ছয় থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আমরা আগামী ১৩ জুন মঙ্গলবার ঢাকা মহানগর ও দুজনসহ সারা দেশে মহানগরগুলোতে এবং ১৬ জুন শুক্রবার কেবলমাত্র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করব। এই কর্মসূচি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সফল করার অনুরোধ জানানো যাচ্ছে।
গত বৃহস্পতিবার জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে এক ঘণ্টার অবস্থান ও বিদ্যুৎ কর্র্তৃপক্ষের কাছে স্মারকলিপি কর্মসূচিতে ক্ষমতাসীন দল ও পুলিশি হামলা করেছে অভিযোগ করে এর নিন্দা জানান রিজভী। তিনি বলেন, ‘বর্বরোচিত কায়দায় হামলা করেছে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। তীব্র গরম এবং লোডশেডিংয়ে বিপর্যস্ত জনগণের ওপর পাবনায় পুলিশের নেতৃত্বে নারকীয় হামলা করেছে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ প্রায় অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।’
