বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গোয়েন্দা সংস্থা ভোটারদের টাকা দিচ্ছে এবং নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস।
রোববার (১১ জুন) সকাল ১০টায় অক্সফোর্ড মিশন রোডে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তাপস বলেন, আমার মনে হচ্ছে অনিয়মের ভোট হতে যাচ্ছে। নগরীর সব হোটেল, রেস্ট হাউজ সবগুলো বহিরাগত লোকজনে ভরা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। স্থানীয় প্রশাসন নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। বারবার বলার পরও একজন বহিরাগতও বের করেনি পুলিশ।
দুঃখ প্রকাশ করে তাপস আরও বলেন, দুটি গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইছে। রাতে আওয়ামী লীগের বন্ধুরা বিভিন্ন বস্তিতে গিয়ে ভোটারদের টাকা দিচ্ছে। গতকাল রাতেও আমি তাদেরকে মিছিল করতে দেখেছি। নৌকার প্রার্থী সব আচরণবিধি লঙ্ঘন করেছে।
তিনি বলেন, আমাদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এখন শঙ্কিত হয়ে পড়েছি আজকে রাতে তারা আমাদের এজেন্টদেরকে কতটা হুমকির মুখে রাখে। তবে আজ রাতের মধ্যে শহর থেকে সব বহিরাগত সরিয়ে সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচন দাবি করেন এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক ও জাপা মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
