দেশে গত পাঁচ দিন ধরে দৈনিক ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫০ থেকে ২০০-এর ঘরে ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৭৫ ও ঢাকার বাইরে ২৬ জন।
এ সময় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ২৮ জন মারা গেল।
এর আগে গত ১০ জুন এ মাসে প্রথম দৈনিক রোগী ভর্তি ১৫০-এর ঘর ছাড়ায়। সেদিন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১৫৬ জন। এরপরের দিন ১১ জুন ১৮৯ ও ১২ জুন ১৮০ জন ভর্তি হয়। গত দুদিন ধরে ভর্তি রোগীর সংখ্যা ২০০-এর ওপরে ছিল। গত মঙ্গলবার ভর্তি হয় ২১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮০২ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছে ২ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৮৯১ জন।
