‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস’ উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ঢাকায় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির সব সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সহযোগী সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা এবং মেরিটাইম সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্যÑ ‘সমুদ্রের ডিজিটাল টুইন সৃষ্টিতে হাইড্রোগ্রাফির অবদান’। ডিজিটাল টুইন সৃষ্টি হচ্ছে সমুদ্রের হাই রেজুলেশন, স্থিতিশীল ও বাস্তব সময়ের ভার্চুয়াল প্রতিলিপি তৈরি করা। এর মাধ্যমে সমুদ্রের বিভিন্ন গতি-প্রকৃতি ও এর প্রভাবসমূহ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়ে থাকে।
সেমিনারে সমুদ্র সুরক্ষা, পারস্পরিক হাইড্রোগ্রাফিক সহযোগিতা, সমুদ্রের ডিজিটাল টুইনসহ সুনীল অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। বক্তরা আলোচনার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান। বিজ্ঞপ্তি
