কথিত একটি কোম্পানির আন্তর্জাতিক বিনোদন পরিষেবায় বিনিয়োগের বিনিময়ে মাসিক মুনাফা দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী এক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ১১ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের এক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃতরা হলো সফল খান, মিজানুর রহমান, জসিম উদ্দিন ও মমতাজুল ইসলাম। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৭টি সিমকার্ড কার্ড উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাদের গ্রেপ্তার করে। চক্রটি মিথ্যা ব্যবসায়িক পরিচয় দেয় এবং সেলিব্রেটিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল বলে জানায় পুলিশ। সিটি সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন বলেন, এ বছরের জানুয়ারি মাসে একটি স্বর্ণের দোকানের ম্যানেজার বিশ্বজিতের সঙ্গে ফেসবুকের একটি গ্রুপে শিলা, পিয়ালী সাহা ও তানিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তারা বিশ্বজিৎকে প্রস্তাব দেয়, মাইরোম্যানসার নামে তাদের একটি কোম্পানি আছে।
