অপরিকল্পিত ব্রিজ-কালভার্টে মরছে নদী-খাল-বিল

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৫:৪৮ এএম

অপরিকল্পিত, অপ্রয়োজনীয় ও কম উচ্চতার সেতু নির্মাণ করে দেশের বিভিন্ন নদ-নদী এবং খাল-বিল মেরে ফেলা হচ্ছে। পাশাপাশি দূষণ, দখলের মাধ্যমেও অনেক নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব অনিয়ম-দুর্নীতি এখনই বন্ধ করা দরকার।

গতকাল বৃহস্পতিবার জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় বিভিন্ন দপ্তর সংস্থা কর্তৃক সেতু, ব্রিজ, কালভার্ট ও বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণে জাতীয় গাইড লাইন তৈরি’-বিষয়ক এক কর্মশালায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

রাজধানীর পুরানা পল্টনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম।

কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর বলেন, নদী খননের নামে বিভিন্ন এলাকায় ভয়ংকর অনিয়ম হচ্ছে। নদীতে খাঁচা দিয়ে মাছ চাষ করার পাশাপাশি দখল, দূষণের মাধ্যমে নদীর ক্ষতি করছে অনেকে। একসময়ের অনেক বিশাল নদী এখন খালে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএসহ অন্যান্য নদী মেরে ফেলছে। সবাই যদি এভাবে নদীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাহলে কমিশন কীভাবে নদী রক্ষা করবে?

পরিকল্পিতভাবে ব্রিজ, কালভার্ট নির্মাণের ওপর জোর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, শুধু সেতু নির্মাণ করলেই হবে না। নদী বা খালের পানিপ্রবাহ ঠিক রাখতে হবে। নদীর মাঝখানে পিলার দেওয়ার কারণে নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য যতটা সম্ভব এটা এড়িয়ে চলতে হবে।

জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক মো. মনজুর হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নেক্সাস টেলিভিশনের সাংবাদিক আমীন আল রশীদ কমিশনের সদস্য মনিরুজ্জামান, সড়ক ও মহাসড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত