মক্কা-মদিনায় কিছু কুড়িয়ে পেলে কী করবেন

আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:৫৬ পিএম

হজ মৌসুমে মক্কা-মদিনায় লাখ লাখ মানুষের সমাগম হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে মুসল্লিরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেন। আবার অন্যরা তা কুড়িয়ে পান। প্রশ্ন হলো, মক্কা-মদিনায় কোনো কিছু কুড়িয়ে পেলে ব্যক্তি কী করবে?

সাধারণ বিধান : কোনো কিছু কুড়িয়ে পেলে তা মালিকের হাতে পৌঁছে দেওয়া মুমিনের দায়িত্ব। চাই মক্কা-মদিনায় হোক বা এর বাইরে হোক। যদি মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, তবে সদকা করে দেওয়া উত্তম। আর ব্যক্তি নিজে নিঃস্ব হলে তা ভোগ করতে পারবে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ যদি কোনো কুড়িয়ে পাওয়া বস্তু তুলে নেয়, সে যেন এ বিষয়ে দুজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখে। সে যেন বিষয়টি গোপন না রাখে, পরিবর্তন-পরিবর্ধন না করে। এরপর যদি মালিক এসে যায়, তাহলে সে-ই সেটার অধিকারী। আর যদি মালিক না আসে, তাহলে সেটা আল্লাহর সম্পদ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন।’ ইবনে হিব্বান : ৪৮৯৪

মক্কার বিধান ভিন্ন যেখানে : পৃথিবীর অন্যস্থান থেকে মক্কায় কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান কিছুটা ভিন্ন। কেননা হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ মক্কায় হস্তী বাহিনীকে প্রবেশ করতে দেননি এবং তিনি তার রাসুল ও মুমিন বান্দাদের মক্কার ওপর আধিপত্য দান করেছেন। আমার আগে অন্য কারও জন্য মক্কায় যুদ্ধ করা বৈধ ছিল না, তবে আমার পক্ষে দিনের সামান্য সময়ের জন্য বৈধ করা হয়েছিল, আর তা আমার পরও কারও জন্য বৈধ হবে না। কাজেই এখানকার শিকার তাড়ানো যাবে না, এখানকার গাছ কাটা ও উপড়ানো যাবে না, ঘোষণাকারী ব্যক্তি ছাড়া এখানকার পড়ে থাকা জিনিস তুলে নেওয়া যাবে না।’ সহিহ বোখারি : ২৪৩৪

ইমাম নববি (রহ.) বর্ণিত হাদিসের আলোকে বলেন, মক্কায় পড়ে থাকা বস্তু এমন ব্যক্তির জন্য কুড়িয়ে নেওয়া বৈধ হবে না, যা এক বছর ঘোষণা দেওয়ার পর তার মালিক হওয়ার ইচ্ছা রাখে। কেননা মক্কায় কুড়িয়ে পাওয়া বস্তু কখনো হালাল হয় না। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.)-এর কারণ ব্যাখ্যা করে বলেন, মক্কায় বিভিন্ন দেশের মানুষ সমবেত হয়। সুতরাং কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা ব্যক্তির জন্য সম্ভব হবে না; কিন্তু অন্য স্থানের বিষয়গুলো ভিন্ন। জাদুল মায়াদ : ৩/৩৯৮

মক্কায় কিছু পেলে করণীয় : শায়খ আবদুল্লাহ বিন বাজ (রহ.) মক্কায় কুড়িয়ে পাওয়া বস্তুকে দুই ভাগে ভাগ করেছেন।

ক. এমন অল্পমূল্যের বস্তু, যা মানুষ সাধারণত খোঁজে না এবং যার বিশেষ কোনো গুরুত্ব নেই। এমন বস্তুর বিধান অন্যান্য স্থানের বিধানের মতোই হবে। অর্থাৎ সাধারণ অনুসন্ধানের পর ব্যক্তি তা দান করে দেবে। আর অসহায় হলে নিজের জন্য খরচ করবে।

খ. ৫০ রিয়াল বা তার চেয়ে বেশি মূল্যের বস্তু পাওয়া গেলে তা হাদিসে উল্লিখিত বিধানের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ব্যক্তি তা অনুসন্ধান করতে থাকবে, দান বা ভোগ করবে না। মাজমুউ ফাতাওয়া : ১৯/৪৪১

মদিনায় কিছু পেলে করণীয় : খতিব শিরবিনি (রহ.) বলেন, বেশির ভাগ আলেমের মতে, মদিনায় কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান পৃথিবীর অন্যসব শহরের মতোই। শুধু মক্কার বিধানই ভিন্ন। আল ইকনা : ২/৩৭৫

সহজে দায়মুক্তির উপায় : বর্তমানে মক্কা ও মদিনায় কুড়িয়ে পাওয়া বস্তু জমা দেওয়ার অফিস রয়েছে। যেখান থেকে মালিক উপযুক্ত প্রমাণ দেখিয়ে হারিয়ে যাওয়া বস্তু গ্রহণ করতে পারে। সুতরাং মক্কা-মদিনায় কোনো বস্তু কুড়িয়ে পেলে তা নির্ধারিত অফিসে জমা দিলে ব্যক্তি সহজেই দায়মুক্ত হয়ে যাবে। ফাতাওয়া নুর : ২/১৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত