আশুলিয়ায় নিখোঁজের পর গলায় গামছা পেঁচানো ও বস্তাবন্দি অবস্থায় আড়াই বছরের এক কন্যাশিশু জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম হুমায়রা। গত শনিবার সকালে সে নিখোঁজ হয়। পরে দুপুর আড়াইটার দিকে আশুলিয়ায় ইগনিট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গলি থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহিদ বিল্লাহ বলেন, ‘শিশুটিকে যখন আনা হয় তখন তার খিঁচুনি হচ্ছিল। আমরা খিঁচুনি বন্ধ করার চেষ্টা করছি। শিশুটির অবস্থা শঙ্কামুক্ত নয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রকৃত অবস্থা বলা যাবে।
শিশুটির বাবা সবজি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, শনিবার সকালে আমার মেয়ে হুমায়রা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর হুমায়রাকে আশুলিয়ায় ইগনিট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গলি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানতে পারি। তুহিন নামে এক শিক্ষক গলায় গামছা পেঁচানো ও বস্তাবন্দি অবস্থায় হুমায়রাকে উদ্ধার করেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার আওয়াল মিয়া জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
