জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৩৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মো. ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার দক্ষিণ পাশে ওই অভিযানের সময় নিখোঁজ হওয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে পাশের তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত ছগির উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার মধ্যরাতে কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার দক্ষিণ পাশে কিছু লোক জুয়া খেলছে খবর পেয়ে সেখানে অভিযানে যায় নবীনগর থানা পুলিশের একটি দল। ঘটনাস্থলে গিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় আরও কয়েকজন পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ওই জুয়াড়ি দলে থাকা ছগির মিয়া পালাতে গিয়ে পানিতে ডুবে যান। পরে গতকাল বিকেলে নান্দুরা গ্রামের পূর্বপাশে তিতাস নদীতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

এ প্রসঙ্গে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। তবে ছগির মিয়ার মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর কারণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত