রাজধানীর মোহাম্মদপুরে গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. আরিফ ও মো. মামুন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আরিফ ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কারাগারে পাঠানো হয়। ঈদের আগের দিন হওয়ায় রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়নি। পরে এ বিষয়ে শুনানি হবে।
ওসি বলেন, মঙ্গলবার রাতে ঢাকা উদ্যানের ২ নম্বর রোডের একটি প্লটে গরু বিক্রি করছিলেন কিছু ব্যবসায়ী। মধ্যরাতে চারজন ছিনতাইকারী এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ওই ব্যবসায়ীর চিৎকার শুনে অন্য ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। অপর দুজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আরিফ নিজেকে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দাবি করলেও তার পদ-পদবীর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই। ছাত্রলীগ সভাপতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন তারা। তিনি বলেছেন, যাচাই করে জানাবেন। কিন্তু পরে আর তিনি কিছু জানাননি।
