গণঅধিকার পরিষদের গঠনতন্ত্রের ২৮ ধারাসহ একাধিক ধারা অনুযায়ী নির্ধারিত ৭ দিনের মধ্যে শোকজের জবাব না দেওয়ায় রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়েছে। তিনি নির্ধারিত সভায় যোগ না দেওয়ায় তাকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে। মিডিয়ায় আলোচনা থাকার জন্য বৈঠকে যোগ দিতে আসার ছবিসহ ভিডিও ছেড়ে দেন তিনি। গতকাল রবিবার বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নুর বলেন, ‘দলটির গঠনতন্ত্র অনুসারে নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করেন। এর পরিপ্রেক্ষিতে আহ্বায়ক রেজা কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, দলের চলমান সংকট নিরসনে জরুরি পরিস্থিতিতে ১০ জুলাই জাতীয় কাউন্সিলের দিন ঠিক করা হয়েছে। তৃতীয় সিদ্ধান্ত হলো, কাউন্সিলের আগ পর্যন্ত ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। কাউন্সিল না হওয়া পর্যন্ত গণ-অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে রাশেদ খান ও সদস্য সচিব নুরুল হক (নুর) রুটিন দায়িত্ব পালন করবেন।’
কোরামবিহীন সভা বলে রেজা কিবরিয়া যে অভিযোগ করেছেন সে বিষয়ে নুর বলেন, ‘বিষয়টি সঠিক নয়। সর্বোচ্চ সংখ্যক নেতার সম্মতিতে রেজা কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এদিকে গতকাল গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেজা কিবরিয়া বলেন, ‘নুরের কাছে টাকার হিসাব চাওয়ার ফলে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। আমাদের মূল দ্বন্দ্ব লেগেছে মূলত দুইটা প্রশ্নে। একটা হলো আর্থিক স্বচ্ছতার অভাব; আমাদের প্রবাসী অধিকার পরিষদ থেকে অনেক টাকা আসে। সেই টাকা কোথায় যায়, কে নেয়, কোথায় খরচ হয় এ হিসাব আমি চাওয়াতেই নুর আমার ওপর রেগে গেছে। আমাদের টাকার উৎস প্রবাসীরা। তাই আমি এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু টাকার ব্যাপারে এত অস্বচ্ছতা আছে সেটা আমি আগে আন্দাজ করতে পারিনি।’
তিনি বলেন, ‘দুই নম্বর হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যে আলোচনা হয়েছে এটা সত্য। দুবাইয়ে যারা গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে ওই জায়গায় তারা আমাকে কনফার্ম করেছেন। তারা বলেছেন, দুবাই ও শারজাহর মধ্যে একটি কফি শপে হঠাৎ থামতে বলল, তারপরে সেখান থেকে আবার বের হলো। তারা জানিয়েছে মেন্দি সাফাদির সঙ্গে তাকে খবরের কাগজে দেখেছে, বারান্দায় সদস্য সচিবের ফোনে ছবি তুলেছে এবং একটা কালো ব্যাগ নিয়ে বের হয়েছে।’
গত শনিবার দুপুরে অনুষ্ঠিত দলটির এক বৈঠকে রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়। সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
