শিবপুরে গোলাগুলি মৎস্যজীবী লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৭:০৮ এএম

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগে মৎস্যজীবী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার শিবপুর পশ্চিম পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল রবিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ও উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি সেলিম ভুইয়া, দক্ষিণ পাড়ার কাউসার মিয়া, শিবপুর ভুইয়া মার্কেটের আরিফ হোসেন, শিবপুর পশ্চিম পাড়ার হিরন মিয়া ও একই এলাকার মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভুইয়া ও একই এলাকার নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শনিবার বেলা ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেলিম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে কেউ হতাহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত