জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয় বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। খবর বাসস, আইএসপিআর।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
গতকাল যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন পালিত হয়। সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছলে সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তাকে অভ্যর্থনা জানান। গতকাল শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশে দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।’
পিজিআরকে সেনাবাহিনীর একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করতে সক্ষম হবে। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কেক কাটেন। এর আগে রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।
