চট্টগ্রামে পা হারানো শিশুকে ক্ষতিপূরণ প্রশ্নে রুল

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৩ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ বছরের শিশু অগ্ররাজ সিকদারের পা হারানোর ঘটনায় তাকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তুষার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

অ্যাডভোকেট তুষার দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি বাঁশখালীতে এস আলম পরিবহনের বাসের চাপায় আহত অগ্ররাজের একটি পা ঊরু থেকে কেটে ফেলতে হয়। ক্ষতিপূরণ চেয়ে আবেদনের পর হাইকোর্ট রুল দিয়েছে।’ তিনি আরও বলেন, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী, এস আলম পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিকার চাকমা দেশ রূপান্তরকে বলেন, ‘ওই শিশুর ক্ষতিপূরণের প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট।’ 

গত ১২ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিশুটির মা পূর্ণিমা দে জয়ন্তী বাসচাপায় সন্তানের পা হারানো সন্তানের ক্ষতিপূরণের দাবি তোলেন। এ সময় তিনি ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি তুলে ধরে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বাঁশখালীর নাপোড়া বাজার এলাকায় স্কুলের গেটে দাঁড়িয়ে ছিল অগ্ররাজ। এ সময় চট্টগ্রাম অভিমুখী একটি বাস তার ছেলেকে চাপা দেয়। এতে ছেলের বাম পা কেটে ফেলতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত