টাঙ্গাইলে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০২:১২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরের চিতুলিয়াপাড়াসহ ২০টি গ্রামে দেখা দিয়েছে যমুনার তীব্র ভাঙন। ভাঙনে নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন সহ সড়ক অবরোধ করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়াপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে। এতে শত শত মানুষ অংশ নেন। অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন। তিনি তাৎক্ষণিক ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব আনোয়ার হোসেন বলেন, গত প্রায় এক মাস থেকে এই এলাকায় যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

চিতুলিয়াপাড়া গ্রামের তারা মিয়া বলেন, ‘কিছুদিন আগে ছোট মনির এমপি এসে বলে গেল অতি দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। অথচ গত এক সপ্তাহে তিন শতাধিক বসতভিটা ও কয়েকশ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেল। ভাঙন বন্ধ্ করতে কোনো কাজ শুরু তো দূরের কথা, কেউ খোঁজখবর নিতেও আসেনি।'

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ভাঙন ঠেকাতে যে এলাকায় জিওব্যাগ ফেলার দাবিতে লোকজন আন্দোলন করছিল সে এলাকায় জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ঘর করে দেয়া হবে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত