তামিমের অবসর

রাতে প্রতিক্রিয়া জানাবে বিসিবি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম

তামিম ইকবালের অবসর ইস্যুতে পুরো দিন মুখে কুলুপ এঁটে ছিল বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে কোনো পরিচালক তামিম ইস্যুতে কোনো মন্তব্য করতে চাননি। তবে অপেক্ষার পালা খুব বেশি নয়। আজ রাতেই ১১টার দিকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বিসিবির পক্ষ থেকে।

রাজধানীর গুলশানে ওয়েসটিন হোটেলে রাত ১০টায় বোর্ড সভা বসবে বিসিবি। এরপরই তামিমের অবসর নিয়ে মুখ খুলবে বোর্ড।

তামিমের অবসর কেন নিলেন, পেছনের কারণ কি এই ব্যাপারে কিছু না বলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্তকে প্রি-ম্যাচিউর বলেছেন ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস। তবে নেপথ্যে কারণ হিসেবে কিছু বলেননি। তাছাড়া বিসিবি এখন কি পদক্ষেপ নেবে সে ব্যাপারেও কিছু বলা হয়নি। ওই ঘোষণাটাই আসবে আজ রাত ১১টায়।

দুপুরে তামিমের অবসর ঘোষণার পর থেকেই বিসিবি প্রধান পাপনের বক্তব্যের অপেক্ষা ছিল। কিন্তু নিজ ধানমন্ডির নিজ কার্যালয়ে দুপুর গড়িয়ে বিকেল হলেও বিসিবির পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশেষে বিকেল ৫টায় জানানো হয় রাতে বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসবে।

এর আগে তামিমের অবসর সিদ্ধান্ত পেছানোর জন্য বিসিবির পক্ষ থেকে জোড় চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আগে থেকেই নিজের ইনজুরি, ফিটনেসের ঘাটতি, ফর্মহীনতা নানা ইস্যুতে চাপে পড়ে যাওয়া তামিম তার সঙ্গে টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া আচরণে ক্ষুব্ধ হন। তাই অবসরের সিদ্ধান্ত নিয়ে আর তা বদল করতে চাননি। তাই আজ দুপুর দেড়টায় আনুষ্ঠানিক ভাবে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত