এমপির নির্দেশে এতিম শিক্ষার্থীদের টাকা ফেরত

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:৫৮ এএম

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিরাজগঞ্জের তিনটি ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা (জিআর) চালের সমুদয় টাকা ফেরত দিয়েছেন সেই ইউপি চেয়ারম্যান ও দুই আওয়ামী লীগ নেতা। সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের হস্তক্ষেপে টাকা ফেরত দেন তারা।

গতকাল বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তরে শেষ পাতায় ‘এতিম শিক্ষার্থীদের চাল আ.লীগ নেতার পেটে’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। সকালেই প্রতিবেদনটি সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে তিনি পুরো টাকা ফেরত দেওয়ার জন্য ওই তিনজনকে নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে তড়িঘড়ি করে তারা স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতির কাছে বাকি টাকা পৌঁছে দেন। এ বিষয়ে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুরান, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও ছোনগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ঈদের আগে আমরা সম্পূর্ণ টাকা বিতরণ করতে পারিনি। তাই এ বিষয়ে তাদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।

এ বিষয়ে পিপুবাড়িয়া ঈদিল কাদিল হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মওলানা মো. ইয়ামিন হোসেন বলেন, এতিমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আজহার উপহারের চালের বাকি টাকা এদিন সকালে সঠিকভাবে ফেরত পেয়েছি।

সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিম শিক্ষার্থীদের মধ্যে যে প্রণোদনা বিতরণ করেছেন, সে বিষয়ে কেউ যদি কোনো অনিয়ম করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত