রোহিঙ্গা নির্যাতনের নির্মমতা শুনলেন আইসিসির কৌঁসুলি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৫:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ার দুটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে যায় তিন সদস্যের প্রতিনিধিদল।

ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জের সম্মেলন কক্ষে দুই ঘণ্টাব্যাপী মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে খোলামেলা আলাপ করেন তারা। বৈঠকে ১৩ জন রোহিঙ্গা উপস্থিত ছিল। এ সময় আইসিসির প্রধান কৌঁসুলির কাছে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের সামরিক জান্তা কর্র্তৃক ব্যাপক নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে লুটপাট, পুড়িয়ে মারাসহ নানান বিষয় তুলে ধরেন তিন নারী ও দুই পুরুষ রোহিঙ্গা।

গত বুধবার বিকেলে ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দর পৌঁছান আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। এরপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান সমুদ্রসৈকত-সংলগ্ন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। সেখানে এক বৈঠকে রোহিঙ্গাদের খাদ্যসহায়তা কমিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত