৫৭ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:০৬ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে গেছে। ৫৭টি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী আছে। এর মধ্যে মোট আক্রান্তের ৬০ ভাগ রাজধানী ঢাকায়। ইতিমধ্যে ৬৭ জন মারা গেছে। আরও ১২ হাজার আক্রান্ত হয়েছে। আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।’

গতকাল রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দহর গ্রামে নিজ বাসভবনে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ডেঙ্গু রোগের প্রকোপ বেশি। এর কারণ হলো, মশা বেড়েছে। বৃষ্টি হচ্ছে। এতে পানি বিভিন্ন স্থানে আটকে আছে, যেখানে মশা জন্ম নিচ্ছে, লার্ভা হচ্ছে। এটা কমানোর একমাত্র উপায়ই হলো মশা কমানো। মশা কম হলে কামড়াবে কম। এতে মানুষ ডেঙ্গুতে কম আক্রান্ত হবে।

জাহিদ মালেক বলেন, ‘আমরা ডেঙ্গু মোকাবিলা করে চলছি, সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করছি তারা যেন বেশি বেশি করে স্প্রে করে। শহরের যেসব স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এবং বসত-বাড়িতে উঠানে পানি জমাট থাকলে তা অপসারণ করতে হবে। এই পানি অপসারণ না করলে ডেঙ্গু আরও ভয়াবহ বিস্তার হতে পারে। আমি মনে করি সবাই মিলে কাজ করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারব। সরকারের পক্ষে একা এ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত