আফগানরাও অবাক

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৩:১২ পিএম

আন্ডারডগ হিসেবে শুরু করেও সেরা সাফল্য দিয়ে উপরে উঠে আসা। আফগানিস্তান শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজই নিশ্চিতই করেনি, বিশ্বকাপের জন্য নিজেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে।

অথচ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে তারাও ভাবেনি এত সহজে পরীক্ষা উতরে যাবেন। বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় একটু বেশিই অবাক দলটি।

এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে আফগানিস্তান। এই সাফল্য পুঁজি করে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করতে পারে তারা। কিন্তু এতটা উচ্চাভিলাষ এখনই দেখাচ্ছে না দলটি। পা মাটিতে রেখে অপেক্ষা করছে মূল আসরের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ম্যাচের আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানদের বোলিং কোচ হামিদ হাসান।

একসময় খেলোয়াড় হিসেবে আফগান দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন ৩৬ বছর বয়সী হামিদ। ওই সময় অভিজ্ঞতা ও পারফর্মারের অভাবে বাংলাদেশের কাছে নিয়মিত হারতে হতো। সেই অবস্থা উল্টে এখন টানা জয়ে সিরিজ নিশ্চিত করছে দলটি।

image

সংবাদ সম্মেলনে আফগানদের বোলিং কোচ হামিদ হাসান। ছবি: দেশ রূপান্তর

এমন অবস্থা আসলে তারাও ভাবেনি। শক্ত প্রস্তুতি নিয়ে এসে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ছিল। কিন্তু মাঠের খেলায় জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যা নিয়ে হামিদ বলছিলেন, ‘হা একটু অবাক, তবে এটা সত্যি আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে সবচেয়ে ইতিবাচক ক্রিকেটটা খেলেছি। এ জন্য হয়তো এগিয়ে ছিলাম। এখানে বাজে বা খারাপের বিষয় না। বাংলাদেশ ভালো দল, ওদেরকে ওদের মাটিতে হারানো সবসময়ই কঠিন। কিন্তু এবার আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি এবং মানসিকতাও উঁচুতে রেখেছি। তাই এই সাফল্য।’

এই সাফল্যে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে হামিদ হাসান বলেন, ‘আমি অবশ্যই এটা বলব না। বিশ্বকাপ আলাদা টুর্নামেন্ট, আলাদা ম্যাচ। তখন পরিস্থিতি অনেক ভিন্ন থাকবে। যেটা বললাম, আমরা ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই চাইব বিশ্বকাপেও এর ধারাবাহিকতা রাখতে। আমরা বিশ্বাস করছি এবার দলের যে পারফরম্যান্স, বিশ্বের সবাই আমাদের নিয়ে কথা বলছে। তো আমরা এবারের টুর্নামেন্টে বেশ কিছু ম্যাচ জিততে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত