উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতুর অ্যাপ্রোচ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম

ঢাকার দোহার উপজেলার মাঝিরচর বাজার, কুলচুরি, দেবীনগর, জয়পাড়া-কাজিরচর সড়কে ৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে নির্মিত ৬০.০৫ মিটার আরসিসি সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের দশ দিনের মধ্যেই ভেঙে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রথমে কাজের ধীরগতি পরে তড়িঘড়ি করে নির্মাণ এবং স্থানীয় সরকার বিভাগ (এলইজিডি'র) সঠিক তদারকি না থাকায় নিম্ন মানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে সেতুর অ্যাপ্রোচ সড়ক।

সেতুটি নির্মাণ করেন এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দোহার উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের কাজটি করবার অনুমতি(টেন্ডার) পান এমএম বিল্ডার্স। প্রতিষ্ঠানটি কাজ শুরু করেন গত বছরের ২৩ ফেব্রুয়ারি। ওয়ার্ক অর্ডার অনুযায়ী চলতি বছরের ১২ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা। কাজ শুরুর দিকে ধীরগতি থাকলেও প্রকল্পের শেষ সময়ে দ্রুত কাজটি শেষ করতে তড়িঘড়ি করে কাজটি সম্পূর্ণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০.০৫ ফুট দীর্ঘ আরসিসি সেতুর দুই পাশের অ্যাপ্রোচের চার দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এছাড়া সেতুর গোড়ায় বাঁধাই করা ব্লক সড়ে গেছে। সেতুর পশ্চিম দিকের অ্যাপ্রোচের পুরো মাটি বৃষ্টিতে সড়ে গেছে। বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

স্থানীয় আল আমিন জানান, সেতুটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় সেতুটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই কয়েকদিনের বৃষ্টির কারণে সেতুর ঢালের রাস্তার পাশ দিয়ে পানি নেমে মাটিসহ ব্লক সড়ে রাস্তা ভেঙে গর্ত ও নালা হয়ে গেছে। যদি এখনই সড়কটি ভেঙে যায়, তাহলে বর্ষাকালে তো কিছুই থাকবে না।

স্থানীয় শরিফুল হক রাজন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মফিক কাজ না করার কারণে অ্যাপ্রোচ মাটি দিয়ে রুলিং ঠিকমতো না করায়, গাইড ওয়াল না দেওয়ায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় এবং স্থানীয় সরকার বিভাগ (এলইজিডি'র) সঠিক তত্ত্বাবধানের অভাবে এভাবে বৃষ্টিতে ভেঙে গেছে সেতুর অ্যাপ্রোচ সড়ক।

এবিষয়ে দোহার উপজেলার স্থানীয় সরকার বিভাগ (এলইজিডি'র) নির্বাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী জানান, ওই প্রতিষ্ঠানের সেতুর কাজের চূড়ান্ত বিল এখনও দেওয়া হয়নি। বিল পরিশোধের আগে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেপে কাজ বুঝে নিয়েই বিল পরিশোধ করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত