কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন মাঠে তার লাশ হস্তান্তর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং তার আট মাস বয়সী এক কন্যাসন্তান আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাতনামা এক চোরাকারবারিকে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়। তাকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
