চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের পতনের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের প্রস্তাবিত রূপরেখা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
রাতে ববি হাজ্জাজ দেশ রূপান্তরকে বলেন, ‘এতদিন আলাদাভাবে থাকলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়ে আমরা বিএনপির নেতৃত্ব সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এক দফা দাবি আদায়ে যে আন্দোলন করছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা আমাদের রাজনীতি করব। তবে এক দফায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কখনোই স্বচ্ছ এবং বিতর্কমুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি।’
