ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, গলায় ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। ব্যাজ ধারণ করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তাও আমরা জানার চেষ্টা করছি।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান।
তিনি বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতজনকে আটক করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আটক করা হয়। তাদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
হারুন অর রশিদ বলেন, সারা দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একেবারে শেষ পর্যায়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে৷ তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের উদ্দেশ্য কী ছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই হামলা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
